‘বিগ বস্ ওটিটি’ ছাড়তে চলেছেন সালমান!
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৪৪,অপরাহ্ন ০২ জুলাই ২০২৩ | সংবাদটি ৮৫ বার পঠিত
দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে ‘বিগ বস্’ উপস্থাপনা করছেন সালমান খান। এবার সেই শো ছাড়ার কথা বললেন ভাইজান! এ বছর আবার ‘বিগ বস্ ওটিটি’র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে চলতি সপ্তাহে বিগ বস্ এর ঘরে এমন এক ঘটনা ঘটল যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গেম চলাকালীন দুই প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদ একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন। ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে চলে চুম্বন। তাতেই রেগেছেন সালমান। সপ্তাহের শেষে প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় ভাইজানের। সেখানেই রাগান্বিত হয়ে শো ছাড়ার ইঙ্গিত দিলেন সালমান!
এই শোতে আসার আগে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ বজায় রাখার কথা বলেছিলেন তিনি। জাদ-আকাঙ্ক্ষার চুম্বন সালমানের প্রতিশ্রুতিকে শুরুতেই যেন চ্যালেঞ্জ জানাল।
‘উইকেন্ড কা বার’ এপিসোডে এসে সালমান বলেন, তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে সেটাই সপ্তাহের আলোচিত বিষয়! আসলে এটা পরীক্ষা ছিল তোমাদের শিক্ষার, সংস্কারের, পারিবারিক মূল্যবোধের। তোমরা যা করেছ, তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোয়াক্কা করি না এই ক্ষমাপ্রার্থনার। আমি চলে যাচ্ছি এই শো থেকে।




