ভারতে বিরোধী জোটের বৈঠক, ছিলেন মমতা ব্যানার্জী
প্রকাশিত হয়েছে : ৮:০২:৪৬,অপরাহ্ন ১৮ জুলাই ২০২৩ | সংবাদটি ৯৮ বার পঠিত
২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টিকে লোকসভা নির্বাচনে কড়া টক্বর দিতে দীর্ঘদিন ধরেই এক ছাতার তলায় আসার চেষ্টা করছে দেশটির বিরোধীদলগুলো।
এর আগে বিহারের রাজধানী পাটনায় হয়েছে বিরোধী দলগুলোর প্রথম বৈঠক। পাটনা থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় বৈঠকটি হবে বেঙ্গালুরুতে।
আর সেই বৈঠকে যোগ দিতে গতকাল সোমবার (১৭ জুলাই) বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সঙ্গে ছিলেন তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বিমানবন্দরে স্বাগত জানাতে ফুল নিয়ে হাজির ছিলেন কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
জানা যাচ্ছে, ইউপিএ -র নাম বদলে নতুন কোনো নাম রাখা হতে পারে বিরোধীদের এই মহাজোটের।
তবে মমতা চাননা এই জোটের নামে কোনো ফ্রন্ট থাকুক। তার অনুরোধে এই জোটের নাম দেওয়া হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ এলায়েন্স, যা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়া।
এছারাও বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে পৌছে গিয়েছিলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার, অখিলেশ সিং যাদব, উদ্ধব ঠাকরে, ওমর আব্দুল্লাহ, ভগবন্ত মানসহ দেশটির তাবর-তাবর বিরোধী দলনেতা। বেঙ্গালুরুতে বৈঠকে মিলিত হচ্ছে ২৬টি বিরোধী দল।দু’দিনের এই বৈঠকের আজ তার শেষ দিন।
এদিন দুপুরে জোটের বৈঠক থেকে বেরিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদবকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, জোটের বৈঠক ভালো হয়েছে। গঠনমূলক হয়েছে। এই বৈঠকের ফল ভালো হবে। তা আগামী দিনে দেশের জন্য ভালো হবে।
তবে জাতীয় কংগ্রেসের নেতা সাবেক রেলমন্ত্রী মল্লিকা অর্জুন খাড়্গে এই বৈঠকের পর জানান, এই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে জাতীয় কংগ্রেস থাকবে না।




