একই সিনেমায় আফজাল ও স্বস্তিকা
প্রকাশিত হয়েছে : ৭:৩০:০৩,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২৩ | সংবাদটি ১১৩ বার পঠিত
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি ‘ওয়ান ইলেভেন’ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক কামরল রিফাত স্বস্তিকাকে চূড়ান্ত করেছেন। এ বছরের শেষ দিকে ছবিটির শুটিংয়ের জন্য আফজাল হোসেন ও স্বস্তিকা ক্যামেরার সামনে দাঁড়াবেন।
পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন। তাদের অংশের দৃশ্যধারণ করা হবে ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে। বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় চলচ্চিত্র। ২০০৮ সালে তিনি ‘সবার উপরে তুমি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।
কলকাতার বাংলা ছবির অভিনেত্রী স্বস্তিকা বলিউডেও অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ছবিতে অভিনয়ে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেনকে। প্রথমবার তার বিপরীতে অভিনয় নিয়ে রোমাঞ্চিত স্বস্তিকা।
তিনি বলেন, আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। তাদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।




