ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ৮:১৩:০৬,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | সংবাদটি ১৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ১০ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম।
নিহত বশির মিয়া (৫৫) ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।
আহতরা হলেন- কারিমা আক্তার, চানবানু, আশেদা আক্তার, খায়রুন্নেছা, সাইমা আক্তার, পুতুল আক্তার, নুরুন্নাহার বেগম, তাসলিমা বেগম, জুলহাস মিয়া এবং বশির মিয়া। তারা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় আলমগীর মিয়া ওই জমি সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন দাবি করে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।
এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে আলমগীর মিয়ার লোকজনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বশির আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বশির মিয়ার ভাতিজি খায়রুন্নেসা বলেন, দুপুরে বাড়ির সবাই জমিতে কাজ করতে যায়। কিছু বুঝে উঠার আগেই আলমগীর মিয়া তার লোকদের নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। বাধা দিলে আমাদের ঘরের সব মেয়েদের নির্যাতন করা হয়। আমার চাচা বাঁচাতে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ওসি শাহিনুর ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে আলমগীর মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।




