স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:০৬,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।
শুভেচ্ছা বার্তায় ড. মুইজ্জু বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিনটি দেশের অব্যাহত উন্নতির জন্য সব নাগরিককে অনুপ্রাণিত করবে।
মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘকাল ধরে এই অংশীদারিকে মজবুত করেছে। পারস্পরিক অগ্রগতি ও সহযোগিতা জোরদার করতে আমরা যে ইতিবাচক কাজগুলো করে আসছি, তা তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’
আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জনের সূচনা দিন। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশকে মুক্ত করার আনুষ্ঠানিক ডাক এসেছিল, যার মাধ্যমে সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের।




