ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়িয়েছে এনবিআর
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৩৫,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৭ বার পঠিত
গত মার্চের জন্য অনলাইনে মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–ভ্যাট ইউনিট।
মঙ্গলবার (১৩ এপ্রিল) জারি করা এক নোটিশে বিষয়টি জানিয়েছে ই–ভ্যাট ইউনিট।
এতে বলা হয়, পয়লা বৈশাখে সরকারি ছুটি থাকায় ও ই–ভ্যাট সিস্টেম উন্নয়নের কারণে উদ্ভূত সমস্যা নিরসনে জনস্বার্থে ই–ভ্যাট সিস্টেমে মার্চ মাসের মেয়াদের অনলাইন রিটার্ন জমার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ৬৪–এর উপধারা ১ (ক)–এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে নোটিশে জানানো হয়।
সাধারণত প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাটের অর্থ ও রিটার্ন জমা দিতে হয়। নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য জরিমানার বিধানও আছে।




