ব্যারাক থেকে বেরিয়ে কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৪৬,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
রাজধানীর কলাবাগান থানার এক এসআই ব্যারাক থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ হয়েছেন।
থানার ওসি মো. ফজলে আশিক বলছেন, ৩২ বছর বয়সী এসআই রাকিবুল হাসান সরকার মঙ্গলবার রাত্রিকালীন ডিউটির কথা বলে বেরিয়ে যান।
“মঙ্গলবার এসআই রাকিবের রাত্রিকালীন ডিউটি ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়। চা খেয়ে আবার ব্যারাকে ঢোকে। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়।
“তারপর থেকে তার খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং সারা দেশের সব থানায় আমরা বার্তা দিয়েছি।”
পরিবারের সদস্যরাও এসআই রাকিবের কোনো খোঁজ জানে না বলে তথ্য দেন ওসি ফজলে আশিক।
তিনি বলেন, “পরিবারের লোকজন বলছে, স্বাভাবিক ছেলে। কোথায় গেল তারাও বুঝতে পারছে না। কারো সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি।”
রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন।
পুলিশের এক কর্মকর্তা বলছেন, এসআই রাকিব আগে কাস্টমসে চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে তিনি সম্প্রতি পুলিশে যোগ দেন। কলাবাগান থানায় যোগ দেন মাসখানেক আগে।
কাস্টমস ছেড়ে পুলিশের চাকরিতে এসে রাকিব কিছুটা ‘হতাশাগ্রস্ত’ থাকতে পারেন বলে পুলিশ কর্মকর্তাদের কারো কারেো ধারণা।
পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম এ-গুলশান বলেন, “আমরা তার লোকেশনের বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাইনি। কারণ ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করছি।”
ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে কোনো অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।




