আজ বাংলাদেশ-ভারত হাই ভোল্টেজ ম্যাচ, একাদশে নেই আফঈদা
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:১৬,অপরাহ্ন ৩১ মে ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
ভারতের গোয়ার মারগাও-তে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এই ম্যাচে মাঠে দুই পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। মূল একাদশে নেই আফঈদা খন্দকার এবং উমেহ্লা মারমা। একাদশে ফিরেছেন মনিকা চাকমা এবং সুরমা জান্নাত।
মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ গোলের জয়ের দিন রক্ষণের দুর্বলতা চোখে পড়েছিল।
বিশেষ করে দ্বিতীয় গোলটি হজমের ক্ষেত্রে সেন্টার-ব্যাক ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল।
প্রথম ম্যাচে তার পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেনি কোচ।
ফলশ্রুতিতে, টানা ২৪ ম্যাচ খেলার পর আজ মূল একাদশ থেকে বাদ পড়েছেন দলের সাবেক অধিনায়ক। তার জায়গায় রক্ষণভাগের কেন্দ্রে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মোসাম্মাৎ সুরমা জান্নাত।
রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠেও এসেছে পরিবর্তন। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মনিকা চাকমা একাদশে ফিরেছেন, যা শক্তিশালী ভারতের বিপক্ষে দলের শক্তি বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যেই উভয় দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচটি মূলত গ্রুপ সেরা নির্ধারণী লড়াই।
মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেওয়ায় গোল ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত; তাই শীর্ষস্থান ধরে রাখতে তাদের কেবল একটি পয়েন্টের (ড্র) প্রয়োজন।
অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে যেতে চাইলে আজ জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের মূল একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মোসাম্মাৎ সুরভী আক্তার আরফিন, মোসাম্মাৎ সুরমা জান্নাত, মোসাম্মাৎ মমিতা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।




