আগস্টের মাঝামাঝি আসছে ‘প্রবাসী কার্ড’
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৩২,অপরাহ্ন ১৮ জুলাই ২০২৬ | সংবাদটি 0 View
প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে পরীক্ষামূলকভাবে অগাস্টের মাঝামাঝি ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে চালু করা হবে ‘প্রবাসী ডেবিট কার্ড’।
‘প্রবাসী কার্ড’ চালুর বিষয়ে শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন।
তিনি বলেন, “এ কার্ড দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ‘ডুয়েল কারেন্সি কার্ড’ এর মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা।”
নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বলা হয়, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে ‘প্রবাসী ডেবিট কার্ড’ দেওয়া হবে। ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে।
দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।
প্রবাসী কার্ডে কী সুবিধা
>> দেশ-বিদেশে ‘কমপ্লিমেন্টারি’ এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা।
>> আন্তর্জাতিক বিমান বন্দরে ‘কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট’ সেবা।
>> বিমানের টিকেট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট।
>> দেশ-বিদেশে ন্যায্যমূলে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্ট ‘পিক অ্যান্ড ড্রপ’ সেবা।
>> সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা।
>> কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বীমা সুবিধা।
>> জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।
>> রেমিটেন্স রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোসহ সহজে লেনদেন।
>> এনআইডি, পাসপোর্ট ও কনসুলার সেবায় অগ্রাধিকার।
>> ব্যাংক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা।
বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মাহাদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ উপস্থিত ছিলেন।




