নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উল্টে গেল বাস, স্কুলছাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ১১:২৮:৪৩,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২৬ | সংবাদটি 0 View
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উল্টে পড়েছে। এতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত এবং আরও অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনীয়া বাজারের একটি স’মিলের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া (১১)। সে জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. খোকনের মেয়ে এবং স্থানীয় সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ‘ঢাকা-শরীয়তপুর এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলোনীয়া বাজারের স’মিলের সামনে রাস্তার পাশে হেঁটে যাওয়া শিক্ষার্থীদের ওপর উল্টে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়ে আটকে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন এবং ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। এরমধ্যে সুমাইয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে উত্তর আলামপুর গ্রামের মাইন উদ্দিন শিপন মিয়ার মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাইসাকে (১১) প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম কালবেলাকে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। হাসপাতালে নেওয়ার পথে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




