জমির সীমানা বিরোধের জেরে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:১৬,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ইমদাদুল হক বাদাল (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভারত সীমান্তসংলগ্ন বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল স্থানীয় মৃত সুলতান বাদালের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমির ওপর দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে বড় ভাই বজলুর রহমানের সঙ্গে ইমদাদুলের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বজলুর রহমান ধারালো হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমির বিরোধের জেরেই দুই ভাইয়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
আজ সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের বড় ভাই বজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/ওএফ
কুষ্টিয়া, দৌলতপুর, জমির সীমানা, ইউনিয়ন