প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫৩,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি থেকে পৃথক দুটি আমন্ত্রণ জানানো হয়েছিল বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছে ভারত। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুইটি আমন্ত্রণের মধ্যে একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য।
এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুটি আমন্ত্রণ আলাদাভাবে জানানো হয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না।
ঢাকার বক্তব্য ছিল, তাকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ওই সংগঠনের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এনিয়ে মঙ্গলবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপর তাকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ফলে তিনি দুটি আমন্ত্রণ পেয়েছিলেন-একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য।
দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলন গত রোববার নয়াদিল্লিতে শেষ হয়েছে। এতে সদস্য দেশগুলোর প্রধানরা ছাড়াও আমন্ত্রিত অন্য দেশগুলোর অতিথিরা ছিলেন।




