রুশ তেল কিনলে ভারতের ওপর ১০০% শুল্কের খাঁড়া, ক্ষমতা পেলেন ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ১:৩৮:১৪,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার পথে বড় অগ্রগতি হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল ২৬২-১৫৯ ভোটে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটির মূল লক্ষ্য হলো রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ওপর চাপ বাড়ানো। এতে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি রাশিয়ার তেল-গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। এর ফলে ভারত ও চীনের মতো বড় ক্রেতা দেশগুলো মার্কিন শুল্কের মুখে পড়তে পারে।
এর আগে মার্কিন সিনেটেও বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছিল। প্রতিনিধি পরিষদে বিলটি পাসের সময় ২০৩ জন রিপাবলিকান ও ৫৮ জন ডেমোক্র্যাট এর পক্ষে ভোট দেন। তবে বিলের শুল্কসংক্রান্ত ক্ষমতা নিয়ে আপত্তি জানিয়ে ১৫২ জন ডেমোক্র্যাট বিপক্ষে ভোট দিয়েছেন। তাঁদের আশঙ্কা, এতে প্রেসিডেন্টের হাতে অতিরিক্ত অর্থনৈতিক ক্ষমতা চলে যাবে এবং শুল্ক প্রয়োগে ছাড় দেওয়ার সুযোগের অপব্যবহার হতে পারে।
অন্যদিকে বিলটির সমর্থকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর অর্থের উৎসে চাপ সৃষ্টি করা এবং জ্বালানি বিক্রি থেকে তাদের আয় কমানোই এই বিলের প্রধান উদ্দেশ্য। তবে বিলটি আইনে পরিণত হলেই ভারত বা চীনের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে না। আইনটি কার্যকর হওয়ার পর নির্দিষ্ট শর্তে ট্রাম্প এই ক্ষমতা প্রয়োগ করবেন কি না, তা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।




