১৫ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন নিখোঁজ আঞ্জু
প্রকাশিত হয়েছে : ১:৫৭:৪৫,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৫ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের বাসিন্দা আঞ্জু (৩৫)। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
দীর্ঘ দেড় দশক পর হারানো মেয়েকে ফিরে পেয়ে মা জোসনা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, মেয়ে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে একসময় তাঁরা আশাই ছেড়ে দিয়েছিলেন; তাই এত বছর পর মেয়েকে ফিরে পেয়ে তাঁদের পরিবারে যেন নতুন করে প্রাণ ফিরেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশন ও আইনি আনুষ্ঠানিকতা শেষে রাতেই আঞ্জুকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের পর রাতেই তাঁরা বেনাপোল থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হন আঞ্জু। পথ হারিয়ে একপর্যায়ে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ২০১৭ সালের দিকে কলকাতার পাভলভ মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সন্ধান পাওয়া যায়।
সেখানে চিকিৎসা শেষে কলকাতার মানবাধিকার সংগঠন ‘ঈশ্বর সংকল্প’ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে পরিবারের খোঁজ শুরু করে। এই মানবিক উদ্যোগে বাংলাদেশ থেকে যুক্ত হন অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও বনানী রোটারি ক্লাবের সদস্য মো. শামসুল হুদা।
পরবর্তীতে আঞ্জুর দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবশেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়। দুই দেশের যৌথ প্রচেষ্টায় পরিচয় নিশ্চিত হওয়ার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।




