নাইজেরিয়ায় হেফাজতে থাকা ৩৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত শুরু
প্রকাশিত হয়েছে : ৭:০৯:১৬,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
নাইজেরিয়ায় অবৈধ খনিতে কাজ করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৭ জন ব্যক্তির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির সরকারি কর্মকর্তারা এই মৃত্যুর জন্য রোগের প্রাদুর্ভাবকে দায়ী করলেও ফরাসি বার্তা সংস্থা এএফপির এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নাইজার স্টেটের নাইজেরিয়া সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কর্পসের (এনএসসিডিসি) বন্দিশালায় ধারণক্ষমতার অতিরিক্ত কয়েদি রাখা এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকাই মূল কারণ।
এনএসসিডিসি নাইজার স্টেটের প্রধান সুবেরু সিয়াকা আনিভিয়ে এক বিবৃতিতে জানান, গত মঙ্গলবার ও বুধবার ক্ষুদ্র আকারের সোনা উত্তোলনের জন্য পরিচিত এলাকায় অবৈধ খনিবিরোধী অভিযান চালিয়ে এসব সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহগুলো ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে মিনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া দাউদা শেহু নামে এক জীবিত বন্দি এপিকে জানান, একটি ছোট ও কম বাতাসযুক্ত কক্ষে ৬৫ জন বন্দিকে গাদাগাদি করে রাখা হয়েছিল, যার ফলে তারা শ্বাসরোধ হয়ে মারা যেতে পারেন। তিনি জানান, তারা ঘরের দরজায় ধাক্কা দিয়ে রক্ষীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন।
এই দুঃখজনক ঘটনায় নাইজার স্টেটের গভর্নর ফারমার মোহাম্মদ উমরু বাগো তিন দিনের শোক ঘোষণা করেছেন। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় বিক্ষোভ দেখা দিলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এনএসসিডিসি কমান্ডার আনিভিয়েকে বরখাস্ত করা হয়েছে।




