দুর্গাপূজায় নয়, ঈদে আসছে ‘আন্ধার’?
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:২১,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
রায়হান রাফী পরিচালিত তারকাবহুল সিনেমা ‘আন্ধার’-এর মুক্তি নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। পূজায় মুক্তির জল্পনা থাকলেও প্রযোজক শাকিব চৌধুরী বলছেন, এখনো অক্টোবরের ঘোষণাই অফিসিয়াল, যদিও ভিএফএক্সের কাজ চলমান রয়েছে।
নির্মিত হচ্ছে তারকাবহুল সিনেমা ‘আন্ধার’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির মতো অভিনয়শিল্পীদের অভিনয় দেখা যাবে। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ অনেকে।
ইতোমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির আগেই আলোচনায় এসেছে এটি। সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।
নির্মাতারা আগেই জানিয়েছিলেন, আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
তবে সম্প্রতি সিনেমাটির প্রচারণায় কিছুটা নীরবতা দেখা দেওয়ায় প্রশ্ন উঠেছে, দুর্গাপূজায় কি সত্যিই মুক্তি পাচ্ছে ‘আন্ধার’? বেশ কিছু সূত্র বলছে, পূজায় নয়, ‘আন্ধার’ মুক্তি পেতে পারে আগামী বছরের কোনো ঈদে। বড় বাজেটের এই সিনেমাটি বড় উৎসবের জন্যই অপেক্ষা করছে বলে আলোচনা চলছে।
মুক্তির তারিখ নিয়ে তৈরি হওয়া এই গুঞ্জনের মধ্যে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়।
মুক্তির তারিখ প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তির বিষয়ে এখনই অফিসিয়ালি কিছু বলছি না। আমরা অক্টোবরের কথা বলেছিলাম, এখনো পর্যন্ত সেটাই অফিসিয়াল ঘোষণা। যদি তারিখ পরিবর্তন হয়, আমরা সময়মতো জানাব।”
অক্টোবরের ঠিক কোন সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে চাননি শাকিব চৌধুরী। তাঁর ভাষ্য, সিনেমাটি যেন তাড়াহুড়ো করে মুক্তি না পায়, সেদিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
শাকিব বলেন, “‘আন্ধার’ বাংলাদেশের একদম নতুন ধরনের একটা সিনেমা। সেটা একটা ভালো সময়েই আসবে। অনেক সময় সিনেমা দেখতে গিয়ে দর্শক বলেন, কাজটা তাড়াহুড়োয় করা হয়েছে, আরেকটু সময় নিতে পারত। ‘আন্ধার’-এর ক্ষেত্রে যেন এরকমটা কেউ না বলতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “১৩ দিন মুম্বাইতে থেকে গতকালই (২০ সেপ্টেম্বর) ফিরেছি। আবার যেতে হবে। ভিএফএক্সের কাজ অনেক। তো, পুরোদমে কাজ চলছে।”




