ক্যানসারের চিকিৎসার মধ্যেই কাজে ফিরলেন দীপিকা কক্কড়
প্রকাশিত হয়েছে : ৮:০৭:২৭,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
নতুন এই কাজের জন্য এরই মধ্যে নাচের মহড়াও শুরু করেছিলেন অভিনেত্রী। তবে এখনই নিয়মিত ধারাবাহিকে ফিরছেন না তিনি। চিকিৎসা চলাকালীন শারীরিক দুর্বলতা ও বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে প্রতিদিনের ধারাবাহিকের শুটিং করা তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন দীপিকা।
মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘এই মুহূর্তে আমার শরীরের যে অবস্থা, তাতে প্রতিদিনের ধারাবাহিকে কাজ করতে পারব বলে মনে হয় না। আর এই ধরনের চিকিৎসা চলাকালীন কেউ কেনই বা আমাকে কাজে নেবেন? এটা তো বোঝাই যাচ্ছে।’
শারীরিক অবস্থার কারণে নিয়মিত ছোটপর্দার শুটিং কঠিন হলেও স্বল্প সময়ের কোনো কাজ সামলানো তার পক্ষে সম্ভব বলে জানান তিনি। তার কথায়, ‘এ নিয়ে বেশি ভাবার কিছু নেই। চিকিৎসা চলছে, তার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে-এটাই স্বাভাবিক। তবে একটি গানের শুটিং যদি এক দিনেই করা যায়, তাহলে সেটা নিশ্চয়ই সামলানো সম্ভব।’
দীর্ঘ বিরতির পর নাচের মহড়ায় ফিরে নিজের শারীরিক দুর্বলতাও টের পেয়েছেন অভিনেত্রী। মহড়ার শুরুতে প্রতি ১০ মিনিট পরপর তাকে বিরতি নিতে হচ্ছিল। এতে নিজের শরীর কতটা দুর্বল হয়ে পড়েছে, তা বুঝতে পারেন তিনি।
এর মধ্যেই মিউজিক ভিডিওটির শুটিং শেষ করেছেন দীপিকা। নতুন কাজ নিয়ে তিনি একই সঙ্গে উদ্বিগ্ন ও উত্তেজিত বলেও জানিয়েছেন। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফেরার বিষয়টি তার কাছে যেমন চ্যালেঞ্জের, তেমনি আনন্দেরও।
২০২৫ সালে দীপিকার দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসার ধরা পড়ে। ওই বছরের জুনে লিভার থেকে টিউমার বাদ দিতে অস্ত্রোপচার করা হয় তার। এরপর থেকে নিজের ভ্লগের মাধ্যমে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে লিভারে সিস্ট ধরা পড়ার পর আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। পরে শোয়েব জানান, সেই প্রক্রিয়া সফল হয়েছে। এরপর আরও দুটি ছোট সিস্ট ধরা পড়লে চিকিৎসকেরা আপাতত অস্ত্রোপচারের বদলে সেগুলোর ওপর নজর রাখার পরামর্শ দেন।
পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে ইমিউনোথেরাপিও শুরু করেন দীপিকা। এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও একাধিকবার কথা বলেছেন তিনি। বমি বমি ভাব, বমি ও অবসাদসহ নানা উপসর্গের কারণে তার খাওয়ার ইচ্ছা ও কর্মশক্তি কমে গেছে।
সাম্প্রতিক এক ভ্লগে দীপিকা জানান, প্রবল বমি বমি ভাব ও বমির কারণে চা খাওয়ার প্রতিও তার আগ্রহ হারিয়ে গেছে। এসব শারীরিক প্রতিকূলতার মধ্যেও ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী।
নিয়মিত ধারাবাহিকে ফিরতে আরও কিছুটা সময় লাগলেও মিউজিক ভিডিওর মাধ্যমে দীপিকার এই প্রত্যাবর্তন তার কর্মজীবনে ফেরার একটি ধাপ হিসেবে দেখা যাচ্ছে।




