এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর আইন চান সালমান খান
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:৩৫,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাপ্তাহের শেষ পর্বে এআই প্রযুক্তির মাধ্যমে কারও কণ্ঠস্বর নকল করে বিভ্রান্তিকর বা আপত্তিকর ভিডিও তৈরি করা সম্ভব বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে আরও কঠোর আইন ও নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মন্তব্য করেন অভিনেতা।
গত সপ্তাহে ‘বিগ বস ২০’-এর পর্বে ছবিশিকারি, চেহারা নিয়ে কটাক্ষ ও সমালোচনার প্রসঙ্গে কথা বলেছিলেন সালমান। এবার এআইয়ের ক্রমবর্ধমান অপব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
সালমান বলেন, প্রযুক্তির সাহায্যে খুব সহজেই কারও কণ্ঠস্বর নকল করা সম্ভব। সেই কণ্ঠস্বর ব্যবহার করে এমন কোনো কথা বলানো যেতে পারে, যা ওই ব্যক্তি কখনোই বলেননি। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক ও ব্যক্তিগতভাবে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।
বিষয়টি বোঝাতে একটি উদাহরণও দেন সালমান। তিনি বলেন, “ধরুন, কেউ আপনার এআই কণ্ঠস্বর নিয়ে ডাব করে কাউকে গালাগাল দিয়ে দিল!”
অভিনেতার মতে, এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও বা অডিও অনেক সময় এতটাই বিশ্বাসযোগ্য হয় যে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে যাচাই না করেই অনেকে ভুয়া কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
জেনেশুনে যারা এ ধরনের ভুয়া ভিডিও তৈরি করেন, তাদের নিয়েও কঠোর মন্তব্য করেন সালমান। তার ভাষায়, “ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”
এআইয়ের অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করা যাবে এবং কী যাবে না, সে বিষয়ে আরও কঠোর নিয়ম থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সঙ্গে এ ধরনের কনটেন্টের ওপর কার্যকর নিয়ন্ত্রণ জরুরি বলেও মন্তব্য করেন সালমান।
এদিকে ‘বিগ বস ২০’ থেকে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে বাদ পড়েছেন বাদশার সাবেক স্ত্রী ঈশা রিখী।
কাজের দিক থেকে সালমান খানের হাতে রয়েছে একাধিক সিনেমা। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তার ‘মাতৃভূমি’ সিনেমাটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি অ্যাকশন সিনেমায় কাজ করছেন তিনি। ছবিটির নাম আপাতত ‘মনস্টার’ রাখা হয়েছে। এতে সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




