ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান বার্নি স্যান্ডার্সের
প্রকাশিত হয়েছে : ১০:০২:৩৩,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরবদের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলে সব ধরনের মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ সেনেটর বার্নি স্যান্ডার্স। ইসরায়েলের সেন্ট্রাল ইলেকশন কমিটি (সিইসি) পার্লামেন্ট নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে আরবদের প্রধান দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার পরই তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের এই আকস্মিক নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ ফিলিস্তিনি আরব নাগরিকদের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেল।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ক্ষুব্ধ পোস্টে বার্নি স্যান্ডার্স লেখেন, “নেতানিয়াহু ও তার ডানপন্থি মিত্ররা এমন এক ইসরায়েল চায়, যেখানে ফিলিস্তিনি নাগরিকদের কোনো কথা বলারই সুযোগ থাকবে না; অথচ তারা মোট জনসংখ্যার ২০ শতাংশ।” একই পোস্টে তিনি সুস্পষ্টভাবে দাবি জানান, “ইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয়।”
যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের এই সিনিয়র সেনেটর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের একজন নির্দলীয় বা স্বতন্ত্র সদস্য। মার্কিন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী এই স্বতন্ত্র সদস্য নিজেকে একজন ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ইসরায়েলের কট্টর নীতির বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।




