ঢাকায় চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৫৪,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
রাজধানী ঢাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে গত চার দিনে ৪১ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম ও বিস্তারিত পরিচয় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের কয়েকটি বড় ঘটনা ঘটে। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ কয়েকশ লোক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
এর ঠিক পরের দুই দিনের মধ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন একটি কার্যালয়ে, আদাবরের শেখেরটেক এলাকার একটি আবাসিক বাড়িতে এবং ক্যান্টনমেন্টের মানিকদী এলাকার ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’-এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
একের পর এক এসব হামলার নেপথ্যে ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের’ বিষয়টি সামনে আসতেই কঠোর অবস্থানে যায় প্রশাসন। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চাঁদাবাজদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে ধারাবাহিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
সেই পূর্বঘোষিত অভিযানের অংশ হিসেবেই টানা চার দিনে এই ৪১ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করল ডিএমপি। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




