আরও একবছর অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার
প্রকাশিত হয়েছে : ৮:৩২:০০,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০২৬ | সংবাদটি 0 View
অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছর দায়িত্বে রেখে দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) চাকরি জীবনের শেষ দিনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তিন বছর ধরে অর্থ মন্ত্রণালয় সামলে আসা এ কর্মকর্তাকে।
এদিন বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
২০২৩ সালের ২৩ অগাস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব থেকে মো. খায়েরুজ্জামান মজুমদারকে অর্থ সচিব করা হয়। তিনি দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হন।
ত্রয়োদশ বিসিএসের কর্মকর্তা খায়েরুজ্জামান ওই বছরের ২৮ অগাস্ট থেকে অর্থ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
আওয়ামী লীগ সরকারের সময় থেকে অর্থ সচিবের দায়িত্ব সামলে আসা এ কর্মকর্তার ওপর পরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং তারেক রহমানের সরকার ভরসা রাখে।
আবগারি ও শুল্ক ক্যাডার কর্মকর্তা হিসেবে ত্রয়োদশ বিসিএসে যোগ দেন তিনি। পরে ডিএস পুলে সরকারের উপসচিব হিসেবে প্রশাসন ক্যাডারে আসেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। পরে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন তিনি। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক অর্থনীতিতেও এমএ ডিগ্রি নেন।
খায়েরুজ্জমান এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়, ইউএসএআইডি প্রোগ্রাম (আইবিআই প্রকল্পের চীফ অফ পার্টি হিসাবে), বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।




