সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের
প্রকাশিত হয়েছে : ১০:০৯:১০,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালগুলোর একটির পাশেই এই শোধনাগারটির অবস্থান।
স্যাটেলাইট ছবিতে শোধনাগারটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই শোধনাগারে হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, শোধনাগারে চালানো হামলায় আগুন ধরে যায়।
রয়টার্স জানিয়েছে, নাসা এবং প্ল্যানেট ল্যাবস—উভয় সংস্থার স্যাটেলাইট চিত্রেই সেখানে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
হুতি মিলিশিয়ারা ইয়েমেনের রাজধানী সানাসহ পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে জুলাইয়ে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ ফের শুরু হওয়ার পর থেকেই তারা সৌদির বিমানবন্দর, তেল অবকাঠামো এবং অফিস ভবনগুলোতে হামলা চালিয়ে আসছে।
এসব হামলার কারণে এর আগে আরামকোর কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল এবং রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এ ছাড়া ফুটবলের এএফসি এশিয়ান কাপ এবং সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ‘এফআইআই’-সহ বড় বড় আন্তর্জাতিক অনুষ্ঠান স্থগিত বা বাতিল করতেও বাধ্য হয়েছিল রিয়াদ।
ড্রোন ভূপাতিত করল সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার ভোরে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে সেখানে তেল শোধনাগারে কোনো আঘাত হানা হয়েছে কি না, সে বিষয়ে জোটটি কিছু বলেনি।
জোটটি বুধবারের পরের দিকে জানায়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের জাজান বন্দরে আঘাত হেনেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক আহত হননি।
বুধবার গভীর রাতে হুতিরা জানায়, তারা জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে। জাজানের মতো জেদ্দাও সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত। তবে জেদ্দা বন্দরে আঘাত হানার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের ক্ষমতাসম্পন্ন রাস তানুরা শোধনাগারটি হুতিদের সঙ্গে সংঘাতের পাশাপাশি বৃহত্তর ইরান যুদ্ধের সময়ও হামলার শিকার হয়েছিল। এটি পারস্য উপসাগরীয় উপকূলের একটি কমপ্লেক্সের অংশ, যা সৌদি আরবের প্রধান রপ্তানি টার্মিনাল ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরের গুরুত্ব বেড়ে যায়। ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সেখানে তেল সরবরাহ করে রপ্তানি করা হয়।
গত সেপ্টেম্বরে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত এলাকাগুলো দখল করে বাব এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। আরব উপদ্বীপের বিপরীত পাশে থাকা হরমুজ প্রণালীর মতো এই বাব এল-মান্দেব প্রণালিও উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।




