নজরুলের গান ও অসাম্প্রদায়িক চেতনায় গুলশানে দুই দিনের ‘নজরুল উৎসব’
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:১৫,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
প্রেম, বিরহ ও দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে উদযাপন করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উৎসবের উদ্বোধন হয়।
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানটি চলছে গুলশান সোসাইটি লেক পার্কে। উদ্বোধনী দিনে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ২৫টি গান পরিবেশন করা হয়। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এদিনও ২৫টি গান পরিবেশনের কথা রয়েছে।
আয়োজকেরা জানান, ‘‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনের এই উৎসবে দেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও সংগীত পরিবেশন করছেন।
উদ্বোধনী বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক এবং অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক চিরজাগ্রত প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর রচনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে।’
তিনি বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসেবে গুলশান সোসাইটি ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা যৌথভাবে আবারও নজরুল উৎসবের আয়োজন করেছে। এর আগেও গুলশান সোসাইটি নজরুল উৎসবের আয়োজন করেছে।
ওমর সাদাত বলেন, বাংলাদেশে মুক্তবুদ্ধি, সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চা দীর্ঘদিন ধরেই হুমকি ও প্রতিকূলতার সম্মুখীন। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সংকীর্ণতা এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা সাংস্কৃতিক বিকাশে গভীর অন্তরায়। অথচ একটি জাতির প্রকৃত স্বাধীনতা নিহিত তার নিজস্ব ভাষা, সাহিত্য, সংগীত, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তচিন্তার অধিকার রক্ষার মধ্যে। যে জাতি তার সংস্কৃতিকে হারায়, সে জাতি একসময় তার স্বকীয়তাও হারায়। এই সর্বনাশ ঠেকাতে বাংলাদেশের সংস্কৃতিমনা মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‘একই অপরূপ রূপে’ সমবেত গানের মধ্য দিয়ে সংগীত পর্বের শুরু হয়। এরপর ‘জগতের নাথ করো পার বধূ তোমার আমার’, ‘গঙ্গা সিন্ধু নর্মদা’, ‘আমায় নহে গো’, ‘তুমি যখন এসেছিলে’, ‘ঢলো ঢলো নয়নে’, ‘আজি রক্ত নিশি ভোরে’, ‘গহীন রাতে’, ‘বসিয়া নদীকূলে’, ‘পায়েলা বোলে’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘নিশি পবন’, ‘বলরে জবা’, ‘স্বপনে এসো নিরজনে’, ‘যাও মেঘদূত’, ‘বিদ্রোহী’, ‘দাও শৌর্য’, ‘সাম্যবাদী’, ‘কেন আনফুল ডোর’, ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘সখি আমিই না হয়’সহ ২৫টি গান পরিবেশন করা হয়। গান পরিবেশন চলে রাত দশটা পর্যন্ত।
গান পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবণ্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার ও ইয়াকুব আলী খানসহ আরও অনেকে।




