সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন
প্রকাশিত হয়েছে : ১:৩২:৩০,অপরাহ্ন ১২ জুলাই ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের শেষ চার দল। শুক্রবার ও শনিবারের ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। অন্যদিকে একই ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে স্পেন।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের চার শক্তিশালী দল। দুই সেমিফাইনালের বিজয়ী দল ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে শিরোপার জন্য লড়বে।




