স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’
প্রকাশিত হয়েছে : ২:১৫:০২,অপরাহ্ন ২০ জুলাই ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঘানার ধর্মীয় নেতা প্রফেট এরিক বোয়াহেন উচে। কারণ, দাবি করা হচ্ছে, তিনি ২০২৫ সালের ডিসেম্বরে স্পেনকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
ঘানার রেইন হাউস চ্যাপেল-এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রফেট উচে নাকি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এক বক্তব্যে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে স্পেনই শিরোপা জিতবে। বিশ্বকাপ ফাইনালের আগে তিনি আবারও নিজের সেই বক্তব্যের পক্ষে অবস্থান নেন।
১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের ফল প্রকাশের পর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে উচের আগের সেই ভবিষ্যদ্বাণীর ভিডিও ও বিভিন্ন পোস্ট।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের সময় তিনি নিজের বাসভবনে ঘনিষ্ঠজনদের নিয়ে ম্যাচ দেখছিলেন। স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর সেখানে উল্লাস শুরু হয়। উপস্থিতরা এটিকে তার ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হিসেবে উদযাপন করেন।
ফাইনালের আগে প্রফেট উচে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়েও মন্তব্য করেছিলেন। ইয়ামালের ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের ঘটনাকে তিনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন এবং এটি স্পেনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও দাবি করেছিলেন। এ ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় কিছু ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক প্রভাবের অভিযোগও করেন, যদিও নির্দিষ্ট কোনো ম্যাচের নাম উল্লেখ করেননি।
তবে এসব বক্তব্যের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ বা ফিফার পক্ষ থেকে সমর্থন নেই। সামাজিকমাধ্যমে অনেকেই তার ভবিষ্যদ্বাণীকে বিস্ময়কর বলে মন্তব্য করলেও, অন্যরা এটিকে কাকতালীয় ঘটনা বলেই মনে করছেন।




