এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিনের উপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ৬:৫১:৫৮,অপরাহ্ন ০৫ আগস্ট ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত থেকে পুলিশের পিকআপ ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় সেখানে অবস্থান নেয়া কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দ্রুত তাকে কারাগারে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম।
তিনি জানান, ‘শুনানি শেষে আদালত সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে পুলিশের পিকআপ ভ্যানে তুলে কারাগারে পাঠানোর সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন কয়েকজন। পরে তড়িঘড়ি করে তাকে কারাগারে পাঠানো হয়।’
এ দিকে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার দাবি করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে জেলা ছাত্রদল, বগুড়া নগর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ শাখা এবং সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। পরে সালাউদ্দিনকে আদালত থেকে গাড়িতে তোলার সময় তারা ডিম নিক্ষেপ করেন।
এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় গত ৩১ জুলাই এনসিপি তাকে সাময়িক অব্যাহতি দেয়। পরে ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ–বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন–বাণিজ্যের অভিযোগ ওঠার পরও গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি।




