চাকসুর দাবিতে চবিতে চক্রাকার বাস চালু
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:২৫,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) দাবির মুখে এক নম্বর গেইট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চক্রাকার বাসসেবা চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “সকাল ৮টা থেকে চারটি বাস এক নম্বর থেকে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট থেকে এক নম্বর—উভয় রুটে শিক্ষার্থী আনা নেওয়া করছে। এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস।”
এ সেবা কতদিন চলবে, জানতে চাইলে অধ্যাপক কামরুল বলেন, “এই ব্যবস্থা মোটামুটি স্থায়ী করা হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যেটা হয়, ওটা হবে।”
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের যে স্থানে বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক মিলিত হয়েছে, সেটিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট হিসেবে পরিচিত। আর সংযোগ সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রান্তকে জিরো পয়েন্ট বলা হয়ে থাকে।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, “আজকে সকাল ৮টা থেকে চারটি বাস এক নম্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এলাকায় চলছে।
“রাত কয়টা পর্যন্ত চলবে টা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এই সার্ভিস শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে।”
চক্রাকার বাস চালুর দাবিতে সোমবার রাত পৌনে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকসুর কয়েকজন নেতা। সেখানে রাত ১টার দিকে উপস্থিত হয়ে এ দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন।
তিনি বলেছিলেন, “আমাদের এখানে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা।
“এখন রাত হয়েছে, শিক্ষার্থীদের আসলে হলে ফিরে যাওয়া উচিত। ইনশাল্লাহ, আগামীকাল থেকে স্থায়ীভাবে চারটি বাস চালু থাকবে।”
এ বিষয়ে জানতে চাইলে পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম বলেন, “আমার কোনো বক্তব্য নেই। এগুলো প্রশাসনের বিষয়।”




