‘ডায়ানার মৃত্যুতে লটারি বিজয়ীর মতো উচ্ছ্বসিত ছিলেন চার্লস’
প্রকাশিত হয়েছে : ৭:০৬:০৪,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
যুক্তরাজ্যের রাজা চার্লস তার প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘লটারি বিজয়ীর’ মতো আনন্দিত হয়েছিলেন। তার কণ্ঠে তেমনই উচ্ছাসের সুর ছিল বলে দাবি করেছেন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার।
শিগগিরই বাজারে আসতে চলা‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ নামের আত্মজীবনীমূলক বইয়ে স্পেনসার এই দাবি করেন। বইটির এই নতুন অংশ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
বইটিতে স্পেন্সার লিখেছেন, বোন ডায়ানার প্রাণহানির খবর নিশ্চিত হওয়ার ঠিক পর চার্লসের সঙ্গে যখন তার ফোনে কথা হয়, তখন চার্লসের কথা শুনে মনে হচ্ছিল তিনি বেশ ‘উচ্ছ্বাসিত’।
স্পেন্সারের ধারণা, ডায়ানাকে হারানোর অনুশোচনার চেয়ে চার্লসের মনে প্রেমিকা ক্যামিলা পার্কার বোলসকে বিয়ে করার পথ সুগম হওয়ার আনন্দটাই প্রাধান্য পেয়েছিল।
স্পেন্সারের বইয়ের প্রথম অংশ প্রকাশের পর রাজপরিবার সচরাচর মুখ না খুললেও, বুধবার ব্যতিক্রমী এক পদক্ষেপে এর প্রতিক্রিয়া জানায় বাকিংহাম প্যালেস।
বই প্রকাশের বিষয়ে নীতিগতভাবে কোনও মন্তব্য না করার কথা জানিয়ে বাকিংহাম প্যালেসের মুখপাত্র বুধবার বলেন, মহামান্য রাজা এই বিষয়ে সচেতন আছেন যে, বোনকে হারানোর শোক একজন ভাইয়ের যুক্তিকে আচ্ছন্ন করতে পারে, বিচারবুদ্ধি বিঘ্নিত করতে পারে এবং স্মৃতিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যা অন্যরা সহজে অনুধাবন করতে পারে না, এমনকি ঘটনার বহু বছর পরও।
বইটির নতুন অংশে ডায়ানার চরম মানসিক কষ্টের বিষয়টিও উন্মোচিত হয়েছে।
স্পেন্সার দাবি করেছেন, বৈবাহিক জীবনের টানাপোড়েনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ডায়ানা একাধিকবার ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ‘বিচি হেড’ পাহাড়ে গাড়ি চালিয়ে চলে যেতেন।
খড়িমাটির এই খাড়া টিলাটি বহু মানুষের আত্মহত্যার জন্য পরিচিত ছিল। তবে দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির প্রতি ভালোবাসাই তাকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখত।
দীর্ঘ মানসিক দূরত্বের পর ১৯৯২ সালে চার্লস ও ডায়ানা আলাদা হন এবং ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের ঠিক এক বছর আগে ১৯৯৫ সালে বিবিসি-কে দেওয়া বহুল আলোচিত সাক্ষাৎকারে ডায়ানা চার্লস-ক্যামিলার সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, আমাদের বিবাহিত জীবনে মানুষ ছিল তিনজন, তাই ঠিক জায়গা হচ্ছিল না।
পরবর্তীতে ১৯৯৭ সালে প্যারিসে পাপারাজ্জিদের তাড়া খেয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারান ডায়ানা। এরপর ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন রাজা চার্লস।




