ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:২০,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
দ্বিপক্ষীয় সফরে চলতি বছরের শেষে ঢাকায় আসবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাতে তাদের আলোচনার বিষয়ে তুলে ধরে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, এ বছরের শেষ দিকে বাংলাদেশে সফর করতে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ।
বাংলাদেশের সঙ্গে মন্ত্রী লিউ এর ‘জোরালো বন্ধনের’ কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেছেন, তার পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের অগাস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।
২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর বিদায় নিতে যাওয়া ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন।
তাদের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-চীনের সম্পর্ক জোরদারে ভূমিকার জন্য রাষ্ট্রদূতকে সাধুবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূতের কাজ বাংলাদেশে ব্যাপকমাত্রায় প্রকাশ করার কথাও বলেছেন তিনি।
Image
“প্রতিমন্ত্রী বলেছেন, রাষ্ট্রদূত ইয়াও’র মেয়াদে ‘অভিন্ন কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে চীন-বাংলাদেশ সম্পর্ক।”
একইসঙ্গে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ আলোচনার প্ল্যাটফর্ম গড়ে ওঠার কথাও বলেছেন হুমায়ুন কবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত ইয়াও।




