হেফাজত আমিরের সঙ্গে রাশেদ খাঁনের সাক্ষাৎ, জামায়াতের কড়া সমালোচনা
প্রকাশিত হয়েছে : ৬:২১:২২,অপরাহ্ন ০২ অক্টোবর ২০২৬ | সংবাদটি ৬ বার পঠিত
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিআতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেন এবং দলটিকে ‘মুনাফিক’ হিসেবে আখ্যায়িত করেন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতে ইসলামী জন্ম থেকেই দ্বিমুখী আচরণ করছে। তার ভাষায়, “জামায়াত একদিকে বর্তমান সরকারকে সহযোগিতা করার কথা বলছে, অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো সরকারবিরোধী পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে।” তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ না দিয়ে জামায়াত ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি জামায়াতকে ইসলামি মূল্যবোধের প্রচার ও প্রসারের বিষয়ে হেফাজতে ইসলামের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এই সহকারী হেফাজতে ইসলামের প্রশংসা করে বলেন, “হেফাজত ইসলামের প্রকৃত কাণ্ডারি হিসেবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের বর্তমান বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে কেউ যদি সরকারবিরোধী বা সরকার পতনের কোনো কর্মসূচি নেয়, তবে বিএনপি এবং সরকারপন্থিরাও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে তা কঠোরভাবে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, জুমার দিনে তিনি হেফাজত আমিরের দোয়া নিতে এসেছিলেন। এ সময় হেফাজত আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামি মূল্যবোধের ওপর অটুট থাকার অনুরোধ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ আরও অনেকে।




