ফ্লাইদুবাই হামলাকারী ‘উগ্রবাদে দীক্ষিত’: নেতানিয়াহু
প্রকাশিত হয়েছে : ৭:১১:১৫,অপরাহ্ন ০২ অক্টোবর ২০২৬ | সংবাদটি ৬ বার পঠিত
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। এক ওমানি নাগরিক সহকারী পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করলেও, আহত পাইলট, ক্রু ও যাত্রীদের অসীম সাহসিকতায় বড় ধরনের মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বিমানটি। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করানো হয়।
বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ ফ্লাইটটি ১৭০ জনের বেশি যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর চরম বিপদের সম্মুখীন হয়। হামলাকারী ককপিটে ঢুকে সহকারী পাইলটকে ছুরিকাঘাত করে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এর ফলে বিমানের উচ্চতা মুহূর্তের মধ্যে ১৭ হাজার ফুট নিচে নেমে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আহত পাইলট ককপিটের দরজা খুলে দিলে যাত্রীরা ও ক্রুরা মিলে হামলাকারীকে পরাস্ত করে শক্ত করে বেঁধে ফেলেন এবং বিমানের নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে হামলাকারী ওমানি নাগরিক ‘ইসলামপন্থী চরমপন্থায়’ দীক্ষিত ছিলেন। তিনি আত্মঘাতী হয়ে বিমানটি ভূপাতিত করতে চেয়েছিলেন বলে স্পষ্ট ধারণা করা হচ্ছে। যাত্রীরা তাকে কাবু করার পর সে বারবার “আমাকে মেরে ফেলো” বলে চিৎকার করছিল। তবে ওমানের মতো দেশের নাগরিক, যাদের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তিনি কীভাবে ওই ফ্লাইটে উঠলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নেতানিয়াহু।
ছুরিকাঘাতের শিকার হওয়ার পরও হামলাকারীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর এই উপস্থিত বুদ্ধি ও অসাধারণ সাহসিকতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে তাঁকে দেখতে যান এবং নিশ্চিত করেন যে তিনি বর্তমানে বিপদমুক্ত ও সুস্থতার পথে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এবং এমনটা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসরায়েল বা আমিরাত আনুষ্ঠানিকভাবে এখনও কাউকে দায়ী করেনি।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও নিজস্বভাবে তদন্ত চালাচ্ছে। এদিকে, তদন্তের স্বার্থে দুবাই ও তেল আবিবের মধ্যে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরায়েলের এল আল, ইসরায়ার এবং আরকিয়াসহ অন্যান্য বিমান সংস্থাগুলো বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।




