মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। মাহেলা জয়াবর্ধনেকে সরিয়ে এই দায়িত্বে আনা হয়েছে সাবেক এই অলরাউন্ডারকে। চলতি মাসের শুরুতে জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক শেষ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের বিবৃতিতে তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। এই দল আমার জীবন ও ক্যারিয়ারের বিশাল একটি অংশ। দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে অনেক মূল্যবান।’
২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন পোলার্ড। এই সময়ে ১৮৯ ম্যাচে ব্যাট হাতে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি নিয়েছেন ৬৯ উইকেট। মুম্বাইয়ের পাঁচটি শিরোপাজয়ী দলের সদস্য তিনি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জেতে দলটি।
২০২২ মৌসুম শেষে খেলোয়াড়ি জীবন থেকে সরে দাঁড়িয়ে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার সেই দলেরই প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
পোলার্ড বলেন, ‘খেলোয়াড় ও পরে কোচ হিসেবে এই পথচলার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচয় কী এবং নীল-সোনালি জার্সি পরার সঙ্গে কতটা দায়িত্ব জড়িয়ে রয়েছে। খেলোয়াড় ও সহায়ক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখতে চাই। সমর্থকদের উদ্যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে চাই।’
আইপিএলের শুরুর দিকের বছরগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্স যে আধিপত্য দেখিয়েছিল, সাম্প্রতিক মৌসুমগুলোতে তা ধরে রাখতে পারেনি দলটি। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করে তারা। নতুন প্রধান কোচের অধীনে দলটি আবারও সাফল্যের ধারায় ফিরতে চায়।
মুম্বাই ইন্ডিয়ান্সের সহমালিক নীতা আম্বানি পোলার্ডের নতুন দায়িত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা, আবেগ এবং খেলা সম্পর্কে গভীর উপলব্ধি ভাগ করে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধান কোচ হিসেবে পোলার্ডকে নতুন দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কী এবং এই দলের হয়ে খেলতে কী প্রয়োজন, তা সে ভালোভাবেই জানে। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও সে একই নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবে। দলের নতুন অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য তার সাফল্য কামনা করছি।’




