‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’ উদ্যাপন করল বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:২৭,অপরাহ্ন ২১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’ উৎসব।
২০ নভেম্বর বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ আলোচনা পর্ব ‘বাংলার সংস্কৃতির শিকড়—নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় দলীয় ও একক আবৃত্তি, লোকজ সংগীত, নৃত্য ও মূকাভিনয় উপস্থাপিত হয়।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান উৎসবে আগত অতিথি এবং দর্শক-শ্রোতাদের স্বাগত জানান। ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম বাহারের সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও ফেডারেশনের সহসভাপতি একেএম সামছুদ্দোহা পাটোয়ারী।
দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি পরিবেশন করেন তাহসিন রেজা, মো. আকতার হোসেন, দীপক সুমন, ইশরাত শিউলী, মাহজাবিন মিতি, এনামুল হক জুয়েল, ফারহানা তৃণা, অনন্যা মাহমুদ, কামরুজ্জামান, মৌমিতা জান্নাত, ওয়াসীউল্লাহ, মো. আল আমিন, আবদুর রহমান তিতুমীর, সুব্রত রায়, এবিএইচ ম্যাগনাস, আসপিয়া খন্দকার, ফায়েদ আহমেদ রোদ ও আজমাইন মাহতাব।
হেমন্তের পুঁথিপাঠে অংশ নেন কবি জালাল খান ইউসুফী। সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, বাউলশিল্পী শিলা মল্লিক ও মোক্তার সরকার। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অধরা জাহান।




