ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৪৮,অপরাহ্ন ২২ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন শিশু আদালত-২ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী মো. শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া দুই আসামি হলেন, আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি।
আদালত সূত্রে জানা যায়, এদিন গ্রেপ্তারের পর তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। এরপর দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। পাশাপাশি সেই শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিক্ষার্থীকে কারাগারে ও এক শিক্ষার্থীকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভিতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে এসে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিন শিক্ষার্থীকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এসে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাতনামা আরও ৩/৪ জন আসামি পারস্পরিক যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ছাত্রদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টিসহ জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা করে।




