সুস্থ হয়ে উঠছেন মমতা ব্যানার্জী
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:৪৪,অপরাহ্ন ০২ জুলাই ২০২৩ | সংবাদটি ৯০ বার পঠিত
আগের তুলনায় কিছুটা ভালো আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিন দিনের ফিজিওথেরাপির পর তার কোমর ও পায়ের ব্যথা সামান্য কমেছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে এমনটাই জানিয়েছেন কলকাতার শেখ শুকলাল কর্নানি মেমোরিয়াল হাসপাতালের (এসএসকেএম) পরিচালক মণিময় বন্দোপাধ্যায়।
পায়ে ও কোমরে আঘাত পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতাকে দেখতে তার কলকাতার কালিঘাটের বাড়িতে গিয়েছিলেন মণিময় বন্দোপাধ্যায় ও ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক রাজেশ প্রামাণিক।
তবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারণা কবে থেকে শুরু করতে পারবেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।
শুক্রবার ৩০ জুন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের বাড়িতে আসেন তার শারীরিক অবস্থার পরীক্ষা করতে। এদিন প্রায় দুই ঘন্টা ধরে চলে মমতার ফিজিওথেরাপি চলে।
মুখ্যমন্ত্রীর চিকিৎসায় চলছে রাইস থেরাপি। এই থেরাপিতে চারটি ধাপ-রেস্ট, আইস-প্যাক, কমপ্রেসন, এলিভেশন।এই চারটি পদ্ধতিতেই চিকিৎসা চলছে মমতার।
কলকাতার এসএসকেএম হাসপাতালের ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক রাজেশ প্রামাণিক এবং মণিময় বন্দোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে আপাতত ১৫ দিন বিশ্রামে থাকতে হবে। তাকে অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গত মঙ্গলবার (২৭ জুন) জলপাইগুড়ির জেলা পঞ্চায়েতের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে বহনকারী হেলিকপ্টার বাগডোগরা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। সে কারণে কপ্টারটি জরুরি অবতরণ করানো হয়।
সে সময় কোমরে ও পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা। সেদিনই বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরে নেমে বিকেলের দিকে কলকাতার সেট শুকলাল কর্নানি মেমোরিয়াল (এসএসকেএম) হাসপাতলে নিয়ে আসা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।




