এখনো দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:২৫,অপরাহ্ন ১২ মার্চ ২০২৪ | সংবাদটি ১০৩ বার পঠিত
শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার শুরু ওয়ানডে সিরিজ। অথচ এখনও ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দলটির কোচ সিলভারউড বলেছেন, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যে এখনও দল ঘোষণা করা হয়নি, তা তিনি জানতেনই না!
শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে কেবল টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর কেটে গেছে তিনদিন। এখন পর্যন্ত ওয়ানডে দল নিয়ে সফরকারীরা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে চট্টগ্রামে ব্যাটার পাথুম নিসাঙ্কা, অলরাউন্ডার চামিকা করুনারত্নদের দেখা গেছে অনুশীলনে। জানা গেছে, কুড়ি ওভারের সিরিজ শেষে দেশে ফিরে গেছেন নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানারা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ অনুশীলন করেছে। দুপুরে অনুশীলনে আসে শ্রীলঙ্কা। ড্রেসিংরুম প্রান্তের নেটে দলটির ব্যাটারদের নিয়ে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে যোগ দেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়- আপনাদের স্কোয়াড এখনও ঘোষণা না হওয়ার কারণ কী? উত্তরে হেসে তিনি জানান, ‘সত্যি বলতে আমার কোনও ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।’
পুরো স্কোয়াডে সবার নাম না বললেও পরে জানালেন, চোট কাটিয়ে ফিরেছেন নিসাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। এছাড়া আফগানদের বিপক্ষে বোলিং আক্রমণে থাকা দিলশান মাধুশঙ্কা, প্রমোদ মাধুশান, আসিথা ফার্নান্ডোদের এই সিরিজে রাখা হয়েছে।
বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল দশটায়।




