ঈদের দিন শিলাবৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত হয়েছে : ১০:০১:১২,অপরাহ্ন ২০ মার্চ ২০২৬ | সংবাদটি ৫ বার পঠিত
ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের প্রভাবে কালবৈশাখী পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবওহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
শুক্রবার রাতে তিনি বলেন, শনিবার ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঈদের সকালে ঝড়-বৃষ্টি হলে নামাজ পড়তে গিয়ে বিড়ম্বনায় পড়বে মানুষ। ঈদের বিকালের বেড়ানোও মাটি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ও রাজারহাটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস।
গত এক দিনে মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় হয়েছে ১৭ মিলিমিটার বৃষ্টি।
মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টি, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।




