ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল আরও এক জাহাজ
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:২৫,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা দুইটার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি এসে পৌঁছায়। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজটি করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সংস্থাটির তথ্যমতে, এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতিমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় দেড় লাখ টনের মতো ডিজেল মজুত রয়েছে।
বিপিসি সূত্র বলছে, নিয়মিত তেল সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার পথে রয়েছে। আগামীকাল শনিবার অথবা আগামী রোববার এই জাহাজ দেশে এসে পৌঁছাবে। প্রতি মাসে তেল নিয়ে ১৫ থেকে ১৬টি জাহাজ দেশে আসে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই আমদানি সূচি ব্যাহত হয়েছে।
জাহাজ আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান। তিনি বলেন, আমদানি সূচি অনুযায়ী জাহাজ আসছে। ফলে এ মাসে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই।




