জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:২০:০৪,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উন্মোচন ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। অথচ বিএনপি ধমনীতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। জুলাই সনদের বিষয়ে বিএনপি যে অঙ্গীকার করেছিল তা অক্ষরে অক্ষরে পালন করবে।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ের অনেকে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, মাজদার হোসেনের উদাহরণ দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমরা মাজদার হোসেনের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাইনা। বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তৃতা করেন।
এর আগে আইনমন্ত্রী শহরের কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি শহরের পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।




