তাহিরপুরে যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:২১,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ১০৯ বার পঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে সাকিব রহমান (২৫) নামের এক যুবককে জোরপূর্বক বাড়িতে তোলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মুজিবুর মিয়া ওরফে বাটি মুজিবুরের ছেলে।
সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ (২৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে তাহিরপুর থানা পুলিশ।
নিহতের পিতা মুজিবুর মিয়া জানান, ‘সোমবার রাত ১১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে ঘাগটিয়া গ্রামের রাফি, রাজ, নুরুজ আলী ও তার ছেলে কাহার মিয়া, মহিনুর, মোশাহিদসহ অন্তত ১০/১২জন মিলে আমার ছেলেকে উল্লাসের মোড় থেকে জোরপূর্বক ধরে মোশাররফের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মোশাররফ এর নির্দেশে তারা সবাই মিলে আমার ছেলেকে পিটিয়ে হাত-পা ভেঙে ও নখ উপড়ে হত্যা করে। খবর পেয়ে আমি রাত ১টার দিকে মোশাররফের বাড়িতে গেলে তারা আমার উপরও আক্রমণ করে। পরে আত্মরক্ষার্থে আমি সেখান থেকে পালিয়ে আসি।’
তিনি বলেন, ‘আজ মঙ্গলবার সকালে পুলিশ আমাকে জানায়, আমার ছেলেকে তাহিরপুর হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। সেখানে গিয়ে আমার ছেলে সাকিবকে না পেয়ে পরে জানলাম সুনামগঞ্জ হাসপাতালে আছে। সেখানে গিয়েও ছেলের কোনো খোঁজ পেলাম না। পরে শুনলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।’
এদিকে অভিযুক্ত মোশাররফের বাড়িতে গেলে সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি এবং ঘরবাড়ি তালা অবস্থায় দেখা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোশাররফের মোবাইল ফোন নম্বরে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘এমন একটি ঘটনা শুনেছি। বিষয়টি তদন্তনাধীন, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর চেষ্টা চলছে।’




