ওয়াগনার ‘বিদ্রোহের’ পর বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:০১,অপরাহ্ন ০৪ জুলাই ২০২৩ | সংবাদটি ৯৫ বার পঠিত
ভাড়াটে ওয়াগনার বাহিনীর ব্যর্থ বিদ্রোহের পর প্রথমবার বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৪ জুলাই) রুশপন্থি সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল বৈঠকে সাক্ষাৎ হবে। এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পাকিস্তান ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতারা উপস্থিত থাকবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্থার মাধ্যমে নিজের ক্ষমতার প্রচার করবেন পুতিন। বিশ্বকে দেখাতে চেষ্টা করবেন যে, ক্ষমতা তার হাতেই রয়েছে। মার্কিন থিংক ট্যাংক ডেরেক গ্রসম্যান বলেছেন, ‘এটি ভার্চুয়াল, একে অপরের সঙ্গে তাদের সরাসরি দেখা হচ্ছে না। নাহলে তারা শক্তিশালী মিত্র রাশিয়ার ক্ষমতা প্রদর্শনে পাশে দাঁড়াতো।’
গ্রসম্যানের মতে, সম্মেলনের বেশিরভাগ নেতা স্বৈরতান্ত্রিক সরকারের শাসনে রাশিয়া ও চীন কিভাবে চলছে, তাদের ভবিষ্যত পরিকল্পনা কী, এসব বিষয়ে জানতে আগ্রহী।
গত মাসে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। পরবর্তীতে রুশমিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তির কারণে বিদ্রোহ বাতিল করে মিনস্কে যান তিনি। প্রায় ২৪ ঘণ্টার এই বিদ্রোহে আতঙ্ক সৃষ্টি হয়েছিল রুশ নাগরিকদের মধ্যে।




