দেশের তিন জেলায় তাপপ্রবাহ বইছে
প্রকাশিত হয়েছে : ৮:০০:৪০,অপরাহ্ন ১১ জুলাই ২০২৩ | সংবাদটি ১০৭ বার পঠিত
দেশের তিনটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৩৬.২, রংপুর ও তাড়াশে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ৭৭ মিলিমিটার। এ ছাড়া সীতাকুণ্ডে ৬০, তেঁতুলিয়ায় ৫৫, বদলগাছীতে ৪৫, সৈয়দপুর ও সন্দ্বীপে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।




