আজও অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
প্রকাশিত হয়েছে : ৫:৩২:২৭,অপরাহ্ন ১৪ জুলাই ২০২৩ | সংবাদটি ১১৩ বার পঠিত
টানা বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে যথেষ্ট উন্নতি হয়েছিল। বায়ুদূষণের শীর্ষ ১০-এর তালিকায় ঢাকার অবস্থান ছিল না বেশ কিছুদিন । কিন্তু দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার ঢাকার অবস্থান সপ্তম।
আজ শুক্রবার সকাল ১০টায় দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের তালিকায় ঢাকার অবস্থান ৭ম। এ সময় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১১৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
একই সময়ে একিউআই সূচকে ২১৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। ১৭৬ স্কোর নিয়ে চিনির সান্টিয়াগো রয়েছে দ্বিতীয় স্থানে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর ১৬৯ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
এ ছাড়াও শীর্ষ ১০টি শহরের তালিকায় ধারাবাহিকভাবে আছে: ভারতের রাজধানী দিল্লি স্কোর ১৫৪, ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৩, ভিয়েতনামের হো চি মিন সিটির স্কোর ১২০, পাকিস্তানের লাহোরের স্কোর ১০৭, ঘানার আকরার স্কোর ১০২ এবং পাকিস্তানের করাচি শহরের স্কোর ৯৭।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।




