ঢাকায় তীব্র যানজটের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:৩৩,অপরাহ্ন ১৯ জুলাই ২০২৩ | সংবাদটি ১১৬ বার পঠিত
আসন্ন নির্বাচনের আগে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এরই অংশ হিসাবে দেশের প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি চলছেই। বড় দুই দলের কর্মসূচি ঘিরে গতকালের মতো রাজধানীর সড়কে আজও তীব্র যানজট সৃষ্টি হতে পারে। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার ঢাকায় পদযাত্রা করে বিএনপি। গাবতলীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে জমায়েত শুরু হলে ওই সড়কে যাতায়াতকারীদের দিন শুরু হয় যানজট দিয়ে। পদযাত্রায় অংশ নিতে সকাল সাড়ে নয়টার আগেই সেখানে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। সাড়ে ১০টায় পদযাত্রা শুরুর আগে সমাবেশকালেও এক পথে চলে গাড়ি। তাদের এই পদযাত্রা কর্মসূচি চলে প্রায় সাত ঘণ্টা।
অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয় বিকেলে। দুই দলের কর্মসূচির পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের সামনে নয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক ও শিক্ষিকারা।
ফলে গতকাল দিনভর জাতীয় প্রেসক্লাব এলাকা, মতিঝিল, গুলিস্তান, পল্টন, গাবতলী থেকে শ্যামলী, ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ, কাকরাইল এবং গুলিস্তান টু সদরঘাট পর্যন্ত যানজটে স্থবির ছিল।
কর্মসূচির অংশ হিসেবে আজও ঢাকায় পদযাত্রা করছে বিএনপি। বিএনপির পদযাত্রার বিপরীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের কর্মসূচির কারণে আজও দিনভর নগরবাসীকে যানজট ভোগান্তি পোহাতে হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
ডিএমপির উত্তরা ট্রাফিক জোনের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, যানজট যেন না হয় সেজন্য নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই আমরা দায়িত্ব পালন করছি।
গত বুধবার (১২ জুলাই) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
গত বৃহস্পতিবার (১৩ জুলাই) কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের এক বৈঠকে শোভাযাত্রা কর্মসূচি ঠিক করে দলটি।




