মাধবপুরে ফলজ চারা ভেঙ্গে জমি দখলের চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:০৮,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০২৩ | সংবাদটি ১৪৯ বার পঠিত
হবিগঞ্জের মাধবপুরে ফলজ আম গাছের চারা ভেঙ্গে এক কৃষকের জমি জবর দখলের চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক জজ মিয়া মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মীরনগর গ্রামের ইউপি সদস্য মিজান মিয়া সোমবার রাতে কৃষক জজ মিয়ার ৫০টি উন্নত জাতের আমের চারা ভেঙ্গে জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টা করেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা দেখে প্রতিবাদ করলে জজ মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জজ মিয়া বলেন একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক তার জমি দখল করে নিতে আম গাছের চারা ভেঙ্গে তার ক্ষতিসাধন করেছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্যকে এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হবে।




