বিএনপির ‘সবুজ সংকেত’ পাওয়ার দাবি গিয়াস কাদের চৌধুরীর
প্রকাশিত হয়েছে : ৮:০৬:১১,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২৬ | সংবাদটি ১৫ বার পঠিত
চট্টগ্রামের রাউজান আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে দলের ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা বলেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে নগরীর গুডস হিলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, আঁরে সবুজ সংকেত দিইয়ে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ (রাউজান) আসনে লড়তে বিএনপি ভাইস চেয়ারম্যান স্থগিত থাকা গিয়াস উদ্দিন কাদের ছাড়াও দলটির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে মনোনয়ন দিয়েছিল।
বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্রই বৈধ হয়েছে। ফলে এখন দলকে সিদ্ধান্ত দিতে হবে, কে হবেন চূড়ান্ত প্রার্থী।
গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল মনোনীত প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক আসনে এক দলের একাধিক প্রার্থী থাকতে পারে, বাছাইয়ে বৈধ হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই একজনকে চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট দলকে।
বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও গিয়াস কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একেবারে হাইয়েস্ট লেভেল থেকে বলেছেন, আপনি এগিয়ে যান।




