শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
প্রকাশিত হয়েছে : ৩:২১:৫২,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় জোট।
বৃহস্পতিবার জোটের এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
হামিদুর রহমান আজাদ বলেন, ‘সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দল।’
এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মৃত, আহত ও মর্মহত।
সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পরজুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বুধবার ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান তারা।
আগামী ৭ এপ্রিল জোটের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।




