মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংঘর্ষে ‘এলেক্স ইমন’ নিহত
প্রকাশিত হয়েছে : ১০:১১:৩০,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, নিহত ওই যুবক কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, “এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। তখনই ইমনকে ছুরি মারা হয়।”
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, এলেক্স ইমন রায়ের বাজার এলাকার ‘চিহ্নিত এক কিশোর গ্যাংয়ের হোতা’। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
রায়েরবাজার এলাকায় ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হয়।
একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে একটি দল আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যান, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছন্ন হয়ে যায়। এছাড়া হাঁটু, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




