চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:৫২,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৭ বার পঠিত
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা (মাসুদ পারভেজ) চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় ফেরেন তিনি। এর আগে গত ৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এই তারকা শিল্পী।
চিকিৎসা শেষে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”
সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে পথচলা শুরু হয় প্রযোজক হিসেবে।
১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।
পরে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় ‘সোহেল রানা’ নামেই অভিনয় করেন, যা পরে তার স্থায়ী পরিচয়ে রূপ নেয়।




