মা হওয়ার পর সমালোচনার সম্মুখীন পত্রলেখা
প্রকাশিত হয়েছে : ৭:২০:৩৩,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
সম্প্রতি পত্রলেখাকে একদম সাদামাঠা সাজে দেখা যাওয়াতে নানা সমালোচনার সম্মুখীনে পড়তে হয়েছে তাকে। গত নভেম্বরে মেয়ের জন্মের পরে সেভাবে প্রকাশ্যে তাকে দেখা যায়নি। অনেক দিন পরে পত্রলেখাকে বাইরে দেখেই অবাক অনেকে। বিশেষত অভিনেত্রীর চেহারার পরিবর্তন যেন একেবারেই মেনে নিতে পারছে না দর্শকের একাংশ।
নায়িকা মানেই তাঁর চেহারার গড়ন হবে ছিপছিপে। চোখ, নাক, ঠোঁট সব হতে হবে ‘পারফেক্ট’, এমনই ধারণা অনেকের মনে। তাই অভিনেত্রীদের চেহারায় একটু বদল ঘটলেই নানা ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় তাদের। মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মের পরে ঐশ্বর্যা রাইকে যেমন বিপুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ঠিক তেমন পরিস্থিতির সম্মুখীন পত্রলেখা।
পত্রলেখা নিজের সমাজমাধ্যমে লেখেন, “হ্যাঁ, আমার ওজন অনেকটা বেড়েছে। সদ্য মা হয়েছি। আপনাদের মন্তব্য পড়ে তো মনে হচ্ছে, এই বিষয়টা আপনাদের কাছে খুবই অস্বাভাবিক। না, আমি বসে বসে কোনও পাহাড় খেয়ে নিইনি। এক দিকে সন্তানের জন্ম দিয়েছি। সঙ্গে আবার দুটি ছবির প্রযোজনাও করেছি। এগুলো খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। এর মধ্যে ওজন ঝরাতে পারলে কি আমি তা করতাম না?” সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন, যেন সকলে একটু নমনীয় হয়।
উল্লেখ্য যে, ২০২১ সালের নভেম্বর মাসে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে পত্রলেখার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা রাজকুমার।
২০১৪ সালে ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু রাজকুমার রাও এবং পত্রলেখার প্রেম কাহিনি।




